জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। এতে তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আসবাবপত্র পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জন যুবক বাসভবন তহুরা মঞ্জিলে ঢুকে ভাঙচুর শুরু করেন। এ সময় ভবনের জানালার কাচ ভাঙচুরের পর নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বাসভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।
তহুরা মঞ্জিলের অন্য ভবনে জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক থাকতেন। তিনিও বর্তমানে বরিশালে নেই। জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।