EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মামলাপূর্ব মধ্যস্থতা ৬৪ জেলায় সম্প্রসারণের অঙ্গীকার আইনমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

মামলাপূর্ব মধ্যস্থতা ৬৪ জেলায় সম্প্রসারণের অঙ্গীকার আইনমন্ত্রীর

ছবি: সংগৃহীত

অ অ

মামলাজট কমাতে দেশের ৬৪ জেলায় মামলাপূর্ব মধ্যস্থতা সম্প্রসারণের অঙ্গীকার করেছে সরকার। এ লক্ষ্যে রোডম্যাপ প্রণয়নে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় জাতীয় সম্মেলন হয়েছে। আইন ও বিচার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ আয়োজনের এই সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ অঙ্গীকার করেন।

‘নিউ প্রি-কেস মিডিয়েশন সিস্টেম: ডেভেলপিং আ রোডম্যাপ ফর নেশনওয়াইড এক্সপ্যানশন’ শীর্ষক সম্মেলনটি জাইকার ‘এ-টু-জে’ প্রকল্পের আওতায় হয়। দেশের আদালতে এখন ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন। এই প্রেক্ষাপটে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে নারী, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দ্রুত, সাশ্রয়ী ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

আইন মন্ত্রণালয় ও জাইকা ২০২৫ সালের এপ্রিলে নরসিংদী ও কুমিল্লায় পরীক্ষামূলকভাবে নতুন মামলাপূর্ব মধ্যস্থতা ব্যবস্থা চালু করে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবীরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন, যাতে বিরোধ আদালতে যাওয়ার আগেই মীমাংসা হয়। ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দুই জেলায় আইনজীবী-মধ্যস্থতাকারীরা প্রায় ৬০০ থেকে ৮০০টি করে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন। সাফল্যের ধারাবাহিকতায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০২৭ সালের এপ্রিল থেকে আরও আটটি জেলায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা আছে।

এর বাইরে আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তর ২০২৫ সালের জুলাইয়ে ‘স্পেশাল মিডিয়েটর সিস্টেম’ চালু করে। এতে অবসরপ্রাপ্ত বিচারক ও প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবীরা বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করছেন। বর্তমানে ৩০ জেলায় এটি পাইলট ভিত্তিতে চলছে।

সম্মেলনে একটি সমন্বিত মধ্যস্থতা কাঠামো গঠন, মধ্যস্থতাকারীদের প্রশিক্ষণ জোরদার এবং জাতীয় পর্যায়ে স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়। বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ এবং টেকসই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নীতিগত সহায়তা ও মানবসম্পদ উন্নয়ন নিয়েও কথা হয়।

মন্ত্রী ন্যায়বিচারের সুযোগ বাড়ানো, আদালতের চাপ কমানো এবং বিরোধ নিষ্পত্তিতে আপসমূলক সংস্কৃতি প্রসারে এ ব্যবস্থার সাফল্যের কথা তুলে ধরেন। বিচার খাতের সংস্কারে সহযোগিতার জন্য তিনি জাপান ও জাইকার প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ জুনকো তাকাহাশি এবং এ-টু-জে প্রকল্পের পরিচালক ও আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস প্রকল্পের দ্বিতীয় ধাপের ‘রেকর্ড অব ডিসকাশনস’ স্বাক্ষর করেন।

সম্মেলনে আরও ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, লিগ্যাল এইড অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং ইউএনডিপি, জিআইজেড, ব্র্যাক, ফ্রেন্ডশিপ ও ব্লাস্টের প্রতিনিধিরা।

আরও পড়ুন