EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখতে

সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পিএম

সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
অ অ

দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।

একই সঙ্গে দেশের পোশাকশিল্প ধ্বংস করে এর সুবিধা অন্য কোনো বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে পলাতক ফ্যাসিস্ট চক্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, স্বাস্থ্য খাতের মতো গার্মেন্টস শিল্পকেও পরনির্ভরশীল করার অপচেষ্টা চলছে।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এভাবে এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র সমৃদ্ধির পথ প্রশস্ত করে, আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা গার্মেন্টস শিল্প ধ্বংসের অপচেষ্টা চলছে। পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে মানুষকে বাধ্য করেছিল, একইভাবে পোশাকশিল্পের ক্ষেত্রেও তেমন কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা ভেবে দেখার সময় এসেছে।

পোশাক শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন।

তিনি বলেন, সরকার ও মালিকপক্ষ যখন শ্রমিকদের বেতন দিতে আন্তরিক, তখন বিদেশে পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ করা উচিত নয়। শ্রমিকদের উদ্দেশে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, কারখানাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে বেতন আসবে কোথা থেকে? শ্রমিকদের নিজেদের জীবন-জীবিকা ও আয়ের উৎস কর্মস্থল রক্ষার আহ্বান জানান তিনি।

দেশের সুষম উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। অবহেলিত রংপুরের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।

পতিত ফ্যাসিস্ট দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও দলটির চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। বরং দেশে-বিদেশে তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীদের গণতান্ত্রিক জনগণের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। যারা এসব সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাবও জনগণের কাছে স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।

মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি। পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকানো এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিন দশক আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, তাঁবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।

বক্তব্যের শেষ পর্যায়ে অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন