EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) ও যুবদল নেতা সোহেল মোল্লা (৪৫)

ডেইলি সান রিপোর্ট, নড়াইল

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ পিএম

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২
অ অ

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় কৃষকদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) ও যুবদল নেতা সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লাসহ বেশ কয়েকজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান দলীয় নেতাকর্মীরা। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর ও সোহেলকে মৃত ঘোষণা করেন।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী। তিনি বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

আরও পড়ুন