EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিদ্যুতের চাহিদা পূরণে দেশে গ্যাসকূপ খননের কাজ চলছে। পাশাপাশি নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে এবং কয়লা ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ খাতের ওপর চাপ কমবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে এসব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে। 

তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চার ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার পাশাপাশি চিত্রকলা, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে তাদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিলেই সরকারের উদ্যোগ সফল হবে।

ভাষা শেখার বিষয়ে তিনি বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত আরও একটি ভাষা শেখার পরামর্শ দেন। একাধিক ভাষায় দক্ষতা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দেবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন দেখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসেন। তাঁদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী ছিলেন। তাঁদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (ডুসাপ) ৫১ জন এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়ার ৪০ জন শিক্ষার্থীও এ দলে ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

আরও পড়ুন