কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ ভূমি অফিসে হামলা-ভাঙচুর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ ভূমি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
রিভারভিউ ভূমি অফিসের কর্মকর্তা (অব.) ক্যাপ্টেন রিফাত ইবনে জামাল এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টা ১২ মিনিটের দিকে প্রায় ২০ থেকে ২২টি মোটরসাইকেলে ৪০ থেকে ৪৫ জন দুর্বৃত্ত অফিস প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালায়। তারা অফিসের জানালা ও অন্যান্য কিছু মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। অফিসের সামনে পার্ক করা একটি ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়। অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে খবর পেয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ আলামত সংগ্রহ করে এবং সিসিটিভি ফুটেজ নিয়ে যায়।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হলে পুলিশ ব্যবস্থা নেবে।
হামলাকারীদের শনাক্ত করা গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীরা হেলমেট পরা ছিল। এ কারণে তাদের শনাক্ত করা কঠিন হবে।