EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজু মোল্লা হত্যার ঘটনায় রিজভীসহ কৃষকদলের নেতাদের নিন্দা ও প্রতিবাদ

হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

রাজু মোল্লা হত্যার ঘটনায় রিজভীসহ কৃষকদলের নেতাদের নিন্দা ও প্রতিবাদ

রুহুল কবির রিজভী

অ অ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, খুন-খারাবির মাধ্যমে দেশে অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিতে একটি গোষ্ঠী সব সময় সক্রিয় রয়েছে। রাজু মোল্লাকে নির্যাতন করে হত্যার ঘটনা তারই ধারাবাহিকতা। খুন-জখমের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যেকোনো মূল্যে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।

বিবৃতিতে রাজু মোল্লার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে তিনি রাজু মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


অন্যদিকে, পৃথক বিবৃতিতে জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল রাজু মোল্লা হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন