EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন

সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক।

এর আগে সকালে রাজধানীর বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

গত বছরের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় মামলাটি করেন আব্দুল মতিন (৪৭)। দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় করা এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। সাঈদ খোকন এ মামলার ২৯ নম্বর আসামি। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের ২৫০ থেকে ৩০০ জন এবং অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে আন্দোলনকারীদের ওপর হামলা হয়। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, হাতবোমা, পেট্রল বোমা, রাবার বুলেট ও গুলি ছোড়া হয়। এতে বাদীর ১৪ বছর বয়সী ছেলে আব্দুল মোতালিব বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রিমান্ড আবেদনে পুলিশ দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ ছাড়া তিনি হামলায় অর্থ ও অস্ত্রের জোগান দেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, সরকার পতনের পর তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেন। পাশাপাশি পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করেন বলে পুলিশের দাবি।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

আরও পড়ুন