পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে কেন তারা ঘৃণিত: মাহ্দী আমিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, পলাতক অপশক্তি কেন ঘৃণিত ও ধিকৃত, তা তারা দেশে ও বিদেশে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নিষিদ্ধ সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মাহ্দী আমিন বলেন, গত কয়েক দিনে দেশে ও বিদেশে নিষিদ্ধ সংগঠনের সহিংসতা ও নাশকতার ঘটনা দেখা গেছে। এসব ঘটনা থেকেই প্রমাণিত হয়, কেন ফ্যাসিস্ট নেত্রী, তার পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাদের নিয়োগ দেওয়া ব্যক্তিদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল।
তিনি বলেন, তাদের চরিত্র ও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী এখনো ঐক্যবদ্ধ। তারা মানবাধিকার, আইনের শাসন ও বাক্স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চান।
ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এই ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে মাহ্দী আমিন বলেন, বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা দেখা যাচ্ছে। তবে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
