বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে: মাহ্দী আমিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ এবং ব্যাপক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রতি বৈশ্বিক আস্থার বহিঃপ্রকাশ এ সিদ্ধান্ত। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
তিনি বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের কারণেই বাংলাদেশ ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এর ফলে দেশের বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে মাহ্দী আমিন বলেন, সহিংসতা ও নাশকতার ঘটনাই প্রমাণ করে দলটিকে কেন দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তারা দেশ-বিদেশে নাশকতা চালাচ্ছে। ফ্যাসিবাদের প্রশ্নে গণতান্ত্রিক ঐক্য দেশকে এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তবে সরকার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে।