EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মেধাবীদের দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান মাহ্দী আমিনের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম

মেধাবীদের দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান মাহ্দী আমিনের

ছবি: সংগৃহীত

অ অ

মেধাবী তরুণদের দেশ, শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি তরুণ কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বপ্ন দেখতে এবং প্রতিযোগিতা করতে পারবে। সমতা, ন্যায্যতা ও সুবিচারের ভিত্তিতে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বৈজ্ঞানিক অগ্রগতি ও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রকে নতুনভাবে গড়ে তুলছে। এ যুগে একাডেমিক উৎকর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কেবল প্রাতিষ্ঠানিক সাফল্য কিংবা ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

তিনি বলেন, এমন একটি তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারবে এবং প্রচলিত ধারাকে প্রশ্ন করতে শিখবে। দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা অতিক্রম করে অন্যদের কাছে অসম্ভব মনে হওয়া জটিল সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।

উদ্ভাবক, উদ্যোক্তা, বিজ্ঞানী ও গবেষক হয়ে ওঠার পাশাপাশি প্রতিটি অর্জনে দায়িত্বশীল নাগরিক হিসেবে নৈতিকতা ও মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তাঁর মতে, তরুণদের শুধু বর্তমান বিশ্বে সফল হওয়ার স্বপ্ন দেখলেই হবে না, নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে আগামীর পৃথিবীকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যও থাকতে হবে।

মাহ্দী আমিন বলেন, ‘কেবল বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নয়, বরং বিশ্বকে কিছু দেওয়া, নেতৃত্ব দেওয়া এবং পৃথিবীকে আরও সুন্দর করার জন্য নিজেদের গড়ে তুলতে হবে।’

শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার তরুণদের সহযোগিতা, অনুপ্রেরণা এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বাংলাদেশের সম্ভাবনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে ঘিরে রয়েছে অপার সম্ভাবনা। তবে শুধু সম্ভাবনা দিয়ে জাতি গড়ে ওঠে না, জাতি গড়ে তোলেন মানুষ। তরুণদের জ্ঞান, সৃজনশীলতা ও দৃঢ় সংকল্পই জাতীয় স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।

তরুণদের বিশ্বনাগরিক হয়ে ওঠার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিশ্ব থেকে শিখতে হবে, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। একই সঙ্গে নিজের দেশ, শেকড় ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ যেভাবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে, তেমনি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোতেও বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছেন। তরুণদেরও বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, ভালো ফলাফলের মধ্যে নিজেদের অর্জন সীমাবদ্ধ রাখা যাবে না। সমাজ ও পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে হবে। একটি পুরস্কার বা স্বীকৃতি কখনোই কোনো যাত্রার সমাপ্তি নয়; বরং এটি সম্মিলিত দায়িত্ববোধের নতুন যাত্রার সূচনা।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার প্রমাণ দেয়। তবে ভবিষ্যতে তারা কতদূর এগিয়ে যাবে, তা নির্ভর করবে তাদের উচ্চাকাঙ্ক্ষা ও পরবর্তী কর্মপরিকল্পনার ওপর। অর্জনের আনন্দ উদ্‌যাপনের পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের জীবনের সেরা অর্জনগুলো এখনো সামনে অপেক্ষা করছে।

কৃতী শিক্ষার্থীদের সম্ভাবনার কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ভবিষ্যতে তাদের মধ্য থেকেই নোবেল বিজয়ী, বিশ্বমানের বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্ভাবনী উদ্যোক্তা ও চিন্তাবিদ তৈরি হবেন। তাঁরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন এবং এমন প্রযুক্তি ও প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যা ভবিষ্যতে মানবজাতির জীবনধারায় পরিবর্তন আনবে।

সাফল্যের কোনো একক সংজ্ঞা নেই উল্লেখ করে তিনি তরুণদের নিজেদের স্বপ্ন ও পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীন থাকার পরামর্শ দেন। পারিপার্শ্বিক পরিস্থিতিকে সম্ভাবনার সীমা নির্ধারণ করতে না দিয়ে সাহস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। দেশ ও পরিবারের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তরুণদের বড় স্বপ্ন দেখার এবং নিজেদের হাতে আগামীর ভবিষ্যৎ গড়ে তোলার কথা বলেন।

অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের ভিডিও বার্তা প্রচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ম্যানেজার (রিকগনিশন অ্যান্ড পলিসি-সাউথ এশিয়া) শামীম চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন