আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।
সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টার জন্য এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
শুরুতে কেন্দ্রটি ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিত গ্রিডে সরবরাহ সম্ভব হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। এরপর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানান, পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার অর্থ বাণিজ্যিক সরবরাহ শুরু হওয়া নয়। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন নিয়ে আবারও গ্রিডে যুক্ত করা হবে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এ উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হবে বাংলাদেশ। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে গ্রিডে যুক্ত হবে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ।
এদিকে দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট চালু হলে বিদ্যুৎ উৎপাদন বাড়ার পাশাপাশি লোডশেডিং কমানো এবং জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। মূল বাস্তবায়ন মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন নির্ধারণ করা হয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে টাকার অঙ্কে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে।
