EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পূর্বাচলে অবৈধ আবাসন ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ এএম

পূর্বাচলে অবৈধ আবাসন ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা চায় বিএলডিএ
অ অ
রাজধানীর পূর্বাচল নতুন শহর ও আশপাশের এলাকায় রাজউকের অনুমোদন ছাড়াই প্রকল্প পরিচালনা ও প্লট বিক্রি করে আসছে কতিপয় অসাধু, অননুমোদিত আবাসন ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)।

সোমবার (১৬ নভেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএলডিএ এসব দাবি জানায়। সংগঠনটির সচিব একেএম নওশেরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচল ও আশপাশের এলাকায় একশ্রেণির অসাধু ও অননুমোদিত আবাসন ব্যবসায়ী ল্যান্ড প্রজেক্টের নামে বেআইনি কার্যক্রম চালাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতিষ্ঠানের রাজউকের কোনো অনুমোদন, ছাড়পত্র বা আইনগত বৈধতা নেই। এরপরও তারা সাইনবোর্ড স্থাপন, প্রচার-প্রচারণা ও আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করছে। এভাবে মানুষকে বিভ্রান্ত করে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

বিএলডিএর অভিযোগ, এসব অবৈধ প্রকল্প শুধু প্রচলিত আইন ও বিধিবিধান লঙ্ঘন করছে না, পূর্বাচলের পরিকল্পিত উন্নয়নও বাধাগ্রস্ত করছে। এর ফলে এলাকার মাস্টারপ্ল্যান, নির্ধারিত ভূমি ব্যবহার, জলাশয়, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংগঠনটি আরও বলেছে, বৈধ অনুমোদন নিয়ে আবাসন ব্যবসা পরিচালনাকারী নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন নিয়ম ও বিধিনিষেধ মেনে কাজ করছে। অন্যদিকে একশ্রেণির অবৈধ প্রতিষ্ঠান কোনো ধরনের জবাবদিহি ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে বৈধ আবাসন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি আইনের শাসন ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে পূর্বাচল ও আশপাশের এলাকার সব ল্যান্ড প্রজেক্টের অনুমোদন ও আইনগত বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছে বিএলডিএ। এ জন্য সরেজমিন তদন্ত করার কথাও বলেছে সংগঠনটি।

বিএলডিএর জোরালো দাবি, রাজউকের অনুমোদনহীন প্রকল্পের প্লট বিক্রি, বুকিং, বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা। এসব প্রকল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান, ব্যক্তি ও প্রতারক চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি অবৈধ প্রকল্পের সাইনবোর্ড ও বিজ্ঞাপন অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম ঠেকাতে নিয়মিত নজরদারি নিশ্চিত করা।

এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা অবৈধ কার্যক্রমকে উৎসাহিত করবে। এতে সাধারণ মানুষ ও বৈধ আবাসন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

জনস্বার্থ রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন এবং বৈধ আবাসনশিল্পের স্বার্থে এসব ব্যবস্থা জরুরি বলে মনে করে বিএলডিএ।
আরও পড়ুন