আইসিসিবিতে শেষ হলো টিআইই–আইটিইটি টেক্সটাইল ইনোভেশন এক্সপো
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
তিন দিনে ২৫ হাজার দর্শনার্থীর নিবন্ধন, ৩০টির বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ এবং ৫০টি কারখানার উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী টিআইই–আইটিইটি টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬। আয়োজকেরা বলছেন, বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পকে প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্য তুলে ধরেছে এবারের আয়োজন।
গত ১২ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয় এ এক্সপো। গতকাল শনিবার ১৪ নভেম্বর এর সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের (টিআইই) কৌশলগত ও রিপোর্টিং লিড ইনামুল হাফিজ লতিফী বলেন, এবারের এক্সপোতে শুধু প্রদর্শনীর আয়োজন করা হয়নি। বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের জন্য একটি পূর্ণাঙ্গ উদ্ভাবনী পরিবেশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ এখন শুধু কম শ্রমমূল্য ও উৎপাদন ব্যয়ের দেশ নয়। প্রযুক্তিগত উৎকর্ষ, ধারাবাহিক উন্নয়ন ও উদ্ভাবননির্ভর উৎপাদনের মাধ্যমে বৈশ্বিক কেন্দ্রে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
তিন দিনের আয়োজনে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং এক কারখানার উদ্ভাবনী জ্ঞান অন্য কারখানায় ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিভিন্ন কারখানার প্রতিনিধিরা নিজেদের উৎপাদনব্যবস্থায় উদ্ভাবিত সমাধান অন্যদের সঙ্গে বিনিময় করেছেন। এর মাধ্যমে উৎপাদন দক্ষতা বাড়ানো ও ব্যয় কমানোর নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানান আয়োজকেরা।
এক্সপোতে মোট আটটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সাতটি ছিল কারিগরি সেমিনার এবং একটি উচ্চপর্যায়ের প্লেনারি সেমিনার। এসব আয়োজনে শিল্পনেতা, বাণিজ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি মিলিয়ে প্রায় ৫০ জন বিশেষজ্ঞ বক্তা ও আলোচক অংশ নেন।
কারিগরি সেমিনারগুলোতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, ডাইং ও প্রিন্টিং প্রযুক্তি, ডেনিম, সবুজ জ্বালানি, টেকসই ও পুনর্ব্যবহারযোগ্য পণ্য এবং সার্কুলার ইকোনমি নিয়ে আলোচনা হয়। প্লেনারি সেমিনারে নীতিনির্ধারক, শিল্পনেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঠামোগত উন্নয়ন, প্রতিযোগিতা সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশল নিয়ে মতবিনিময় করেন।
এবারের এক্সপোর অন্যতম আকর্ষণ ছিল ফ্যাক্টরি ইনোভেশন প্যাভিলিয়ন। এতে দেশের প্রায় ৫০টি বস্ত্র ও পোশাক কারখানা নিজেদের উৎপাদনব্যবস্থায় উদ্ভাবিত প্রযুক্তি, প্রক্রিয়া ও বাস্তবমুখী সমাধান তুলে ধরে। পাশাপাশি প্রায় ২০০টি মেশিনারি, কেমিক্যাল ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান অটোমেশন ব্যবস্থা, নতুন উপকরণ এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করে।
এ ছাড়া চারটি সমান্তরাল প্রদর্শনীর আয়োজন করা হয়। এগুলো হলো ডাইং অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল ম্যাটেরিয়ালস, গ্রিন অ্যান্ড সাসটেইনেবিলিটি এবং গার্মেন্টস অ্যান্ড অটোমেশন।
তরুণ উদ্ভাবক ও গবেষকদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সেন্ট্রোর সহযোগিতায় ওপেন ইনোভেশন জোন ও ওপেন ইনোভেশন এরিয়া ২-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান ও তরুণ উদ্ভাবকেরা নিজেদের প্রোটোটাইপ এবং গবেষণার ফল শিল্পের নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের সামনে তুলে ধরার সুযোগ পান। এ আয়োজনে বস্ত্রশিল্পে উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ১৮ জন তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবককে পুরস্কৃত করা হয়।
এক্সপোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় হ্যামস সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার (হ্যামস সিআইটিটি)। এ উদ্যোগের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের নেতৃত্বে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার এবং উদ্ভাবনী ধারণাকে উৎপাদনব্যবস্থায় প্রয়োগের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
গত ১৩ নভেম্বর আইসিসিবির ৫ নম্বর হলে অনুষ্ঠিত হয় ডিএসএল প্রেজেন্টস টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬। উৎপাদনব্যবস্থা, প্রযুক্তি, পণ্য ও বাজার উন্নয়ন, টেকসই উৎপাদন এবং প্রাতিষ্ঠানিক উদ্ভাবনসহ সাতটি বিভাগে ১৮টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন দিনে এক্সপোতে প্রায় ২৫ হাজার দর্শনার্থী নিবন্ধন করেন। দেশীয় উদ্যোক্তা ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ৩০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। তাদের অংশগ্রহণে নতুন ব্যবসায়িক যোগাযোগ, সহযোগিতা ও অংশীদারত্বের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন আয়োজকেরা। এসব যোগাযোগ ভবিষ্যতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।
টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের উদ্যোগে, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সহযোগিতায়, টেক্সটাইল ইনোভেশন সেন্টারের সহ-আয়োজনে এবং টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের বাস্তবায়নে এ এক্সপো অনুষ্ঠিত হয়। এতে অ্যাসোসিয়েশন পার্টনার ছিল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বিজিবিএ।
সংবাদ সম্মেলনে টিআইইর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, আইটিইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সন এবং টিআইইর স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার সাফাত উল আজম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বছরের টেক্সটাইল ইনোভেশন এক্সপো অনুষ্ঠিত হবে ৯ থেকে ১১ ডিসেম্বর। এবারের আয়োজনের চেয়ে বড় পরিসরে শিল্প, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে পরবর্তী এক্সপোর প্রস্তুতি নেওয়া হবে।