EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জের বাইরে আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

গোপালগঞ্জের বাইরে আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
অ অ

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। গোপালগঞ্জের বাইরে দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই। সেখানেই তারা কাজ করতে পারবে। দলটি রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান ও শক্তি হারিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, জুলাইকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বা সুযোগ নেই। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করেও দলটি সফল হবে না।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় পরিস্থিতি অন্যদিকে নেওয়ার চেষ্টা হতে পারে। তবে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো সুবিধা হবে বলে সরকার মনে করে না।

তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও বড় প্রকল্প বাস্তবায়ন করছে। অন্যদিকে দেশে রাষ্ট্রীয় মদদে গুম, ব্যাংক লুট, নতুন কোনো দরবেশ বা এস আলমের ঘটনা এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা নেই।

মন্ত্রী আরও বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি দেশে ফিরবেন—এমন একটি প্রচার তৈরি করা হয়েছিল। এটি ছিল রাজনৈতিক ব্লাফ। এতে হাজার হাজার নেতাকর্মীর মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। পরে দেশে ফেরা হচ্ছে না বুঝতে পেরে তাদের সেই প্রত্যাশা ভেঙে যায়। এ পরিস্থিতি থেকে দৃষ্টি সরাতেই গোপালগঞ্জে সংঘাতের ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন তিনি।

আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনৈতিকভাবে ফিরে আসার মতো কোনো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা আওয়ামী লীগের নেই। গোপালগঞ্জের ঘটনাকে তিনি ইস্যু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৭ বছর পর বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে। সংসদ কাজ করছে। প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকারি ও বিরোধী দল কাজ করছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডও চলছে। এসব বিষয় আড়াল করতেই এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ককটেল বা পেট্রলবোমা নিক্ষেপের মতো অপরাধ যেকোনো সময় ঘটতে পারে। সরকার এসব ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে বিচ্ছিন্ন এসব ঘটনা দিয়ে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না।

আরও পড়ুন