জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বরগুনায় মানববন্ধন
ডেইলি সান রিপোর্ট, বরগুনা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলীয় জনপদ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের বসতভিটা, কৃষিজমি ও জীবিকা। এসব সংকট মোকাবিলা, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছেন উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বরগুনা শহরের খাকদোন নদীর পাড়ে নদীবন্দর এলাকায় জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ, তরুণ-তরুণী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষ দায়ী না হলেও এর সবচেয়ে ভয়াবহ প্রভাব তাদেরই বহন করতে হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক জোয়ার, নদীভাঙন ও লবণাক্ততায় কৃষিজমি, মৎস্যসম্পদ, বসতবাড়ি ও জীবিকার উৎস ধ্বংস হচ্ছে। বারবার দুর্যোগের মুখে পড়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট, খাদ্যনিরাপত্তা ও দুর্যোগকালীন নিরাপত্তা নিয়ে নারীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা আরও বলেন, জলবায়ু সংকট এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও মানবাধিকারের প্রশ্ন। তাই জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ আদায় করতে হবে। পাশাপাশি জলবায়ু তহবিলের স্বচ্ছ ব্যবহার এবং উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
বক্তারা উপকূলীয় এলাকায় টেকসই ও মানসম্মত বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে নারীদের কার্যকর অংশগ্রহণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং উপকূলীয় মানুষের নিরাপদ জীবনের দাবি জানান। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’, ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’ এবং ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, তারুণ্যের শেকড় সংগঠনের সদস্য মো. বনি আমিন, যুব রেডক্রিসেন্টের প্রধান মো. সজিব হোসেন, সদস্য ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।
বক্তারা আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগোষ্ঠীর সংকট ও দাবিগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান। তারা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, জলবায়ু তহবিল, অভিযোজন কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর অর্থায়ন নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ এবং উপকূলীয় মানুষের নিরাপদ জীবনযাপনে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
