EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইমাম-শিক্ষকসহ নিহত ৩

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ পিএম

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইমাম-শিক্ষকসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

অ অ

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসাশিক্ষক এবং অন্যজন একটি কোম্পানির ডিলার।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত থেকে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার মধ্যে রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-দিনাজপুর মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে দুর্ঘটনায় নিহত হন সাইফুল ইসলাম (৩০)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার জানান, কোম্পানির একটি সভায় যোগ দিতে রংপুরে আসছিলেন সাইফুল। পথে কুড়িগ্রামগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, শনিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে রংপুর মহানগরীর হাজিরহাট থানার উত্তম এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁদের দুজনেরই নাম রেজাউল ইসলাম।

হাজিরহাট থানার ওসি শরিফুল ইসলাম জানান, নিহতদের একজন জগদীশপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং অন্যজন ওই এলাকার একটি মসজিদের ইমাম। তাঁদের একজনের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে এবং অন্যজনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়।

ওসি আরও জানান, দ্রুতগতির একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নির্জন এলাকায় কোনো দোকানপাট না থাকায় পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রোববার দুপুরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন