চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৪৫ জন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৯৭ জন, পূর্ববর্তী মামলার আসামি ১৩০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১৩২ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৭৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৪ জন মাদক ব্যবসায়ীকে। সব মিলিয়ে মাদকসংক্রান্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১২৭ জন।
এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ১১ হাজার ৮১০ টাকা জরিমানা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে ১৯, কক্সবাজারে ২, কুমিল্লায় ৪৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৩, চাঁদপুরে ৪, নোয়াখালীতে ৬, ফেনীতে ২, লক্ষ্মীপুরে ৪, খাগড়াছড়িতে ৯ এবং বান্দরবানে ২ জন রয়েছেন।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩২৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৬৭, কক্সবাজারে ১৪, কুমিল্লায় ২১৮, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, ফেনীতে ৩৭, লক্ষ্মীপুরে ৪৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ২২ এবং বান্দরবানে ১৩ জনকে আটক করা হয়েছে।
জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।