এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার
তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
হাসান মো. শওকত আলী
গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়।
রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিএমপি কমিশনার জানান, গত শনিবার রাষ্ট্রদ্রোহের মামলাটি রুজুর আগে সরকারের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়। এরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। এই ইউনিটই মামলাটি তদন্ত করবে এবং নিয়ম অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ বাহিনীর মানসিক চাপে পড়ার কিছু নেই, কারণ দায় সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত।
মুঠোফোনে পাওয়া গেছে দুই ‘বড় বার্তা’
এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও বলা হয়েছিল।
ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
-6aeabfc92dad7.jpg)