EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা, পুলিশ সুপার গ্রেপ্তার

এর আগে তাঁর দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়েছিল

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা, পুলিশ সুপার গ্রেপ্তার
অ অ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়েছিল।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল। শনিবার এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়। এরপর আরআরএফের এএসপি আবুল কাশেম পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তাঁর কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। এ সময় তাঁর দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। পাশাপাশি বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম।

রাষ্ট্রদ্রোহের মামলাটির তদন্ত করবে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

আরও পড়ুন