গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। রবিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার অন্তত পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে বিজিবি, শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এতে সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রবিবার বিভিন্ন কারণে মালিকপক্ষ ছয়টি কারখানা বন্ধ রেখেছে। তবে জেলার বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় সকাল ৮টা থেকেই স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। মৌচাক এলাকায় কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে তাঁদের সরিয়ে দেয়।
তিনি আরও জানান, বিচ্ছিন্ন এ ঘটনা ছাড়া ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের পাশাপাশি মাঠে ১৩ প্লাটুন বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এর আগে গতকাল শনিবারও শ্রমিকদের ব্যাপক বিক্ষোভের মুখে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও আশপাশের এলাকার অন্তত ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।