EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খুলনায় নীরবে চলছে কোটি কোটি টাকার চাঁদাবাজি: কেসিসি প্রশাসক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ এএম

খুলনায় নীরবে চলছে কোটি কোটি টাকার চাঁদাবাজি: কেসিসি প্রশাসক
অ অ

খুলনায় সন্ত্রাসী গ্রুপগুলোর চাঁদাবাজির শিকার হলেও ভয়ে কেউ মুখ খুলছেন না বলে অভিযোগ করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি দাবি করেছেন, কয়েকটি সন্ত্রাসী গ্রুপ নগরীর মানুষকে জিম্মি করে লাখ লাখ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে।

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনায় একের পর এক হত্যা, হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের উচ্চপর্যায় থেকে উদ্বেগ প্রকাশ করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

মঞ্জু বলেন, ‘খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ১৪ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে। এই অবস্থার অবসান হওয়া দরকার। অবিলম্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এবং প্রয়োজনে কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা দরকার।’

তিনি আরও বলেন, ‘খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে এবং মাদকের বাজার বসিয়েছে। প্রতিবাদ করলেই তাদের হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ থেকে ১০ জন কর্মীকে তারা হত্যা করেছে। এ অবস্থা চলতে থাকলে খুলনার মানুষ বাঁচবে না, কোনো উন্নয়নও হবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি শহরে বসবাস করছে। ব্যবসায়ীরা ইতোমধ্যে খুলনা ছেড়েছেন।’

চাঁদাবাজির বিষয়ে মঞ্জু বলেন, ভুক্তভোগীরা পরিস্থিতির কারণে কারও কাছে অভিযোগ করার সাহস পাচ্ছেন না। অভিযোগ ফাঁস হয়ে গেলে হত্যার শিকার হওয়ার আশঙ্কা করছেন তারা। ফলে সবাই চাঁদা দিলেও কেউ মুখ খুলছেন না।

তিনি বলেন, ‘একটা নীরব চাঁদাবাজি চলছে খুলনা শহরে। এই চাঁদা কিন্তু ছোটখাটো অঙ্কের নয়, লাখ লাখ, কোটি কোটি টাকা। পাঁচ-ছয়টি গ্রুপ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করছে। মানুষকে হত্যা করছে। তবে আমরা এর অবসান চাই। এজন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। সব বাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠন করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে হবে।’

কেসিসি প্রশাসক আরও বলেন, প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্ত্রাস দমনের মডেল অনুসরণ করা যেতে পারে। তার ভাষ্য, খালেদা জিয়ার শাসনামলে খুলনা বিভাগে দেড়শ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং বিশেষ গোয়েন্দা নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছিল।

ক্রসফায়ার প্রসঙ্গে মঞ্জু বলেন, এটি অমানবিক হওয়ায় সরকার বন্ধ করেছে। তবে আওয়ামী লীগ সরকারের আমলে এর অপব্যবহারের কারণে কোনো জনপ্রিয় সরকারই এ পদ্ধতি অনুসরণ করতে চায় না। তিনি বলেন, খুলনাকে সন্ত্রাসমুক্ত করতে হবে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

এর আগে গত ১২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। স্বল্পবাহিরদিয়া গ্রামের হিরকের দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।

আরও পড়ুন