নতুন থানা-পৌরসভা গঠনে ৪ প্রস্তাবে সুপারিশ, নাকচ ১
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ এএম
নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন এবং থানার নাম পরিবর্তনসহ প্রশাসনিক পুনর্বিন্যাসের চারটি প্রস্তাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি। একই বৈঠকে একটি প্রস্তাব নাকচ এবং দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
গত ৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে প্রাক-নিকার সচিব কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোট সাতটি প্রস্তাব যাচাই-বাছাই করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপারিশের সিদ্ধান্ত হওয়া চারটি প্রস্তাব হলো—জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন।
অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করা হয়েছে। এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
বৈঠকে জয়পুরহাটের কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাবে স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় তদন্তকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের প্রস্তাবেও সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, থানাটির নতুন নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবও সুপারিশের সিদ্ধান্ত পেয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। জানা গেছে, জৈন্তাপুর পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয়।
এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় পৃথক থানা স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাব বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার জন্য আলাদা থানা প্রতিষ্ঠিত হবে।
অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করেছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাবটি নিকার সভায় সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া আইন ও বিচার বিভাগ থেকে পাঠানো জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ নামে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। একইভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরের প্রস্তাবেও পর্যবেক্ষণ দিয়েছে কমিটি।
প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে কোনো প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়ার অর্থ হলো, সেটির বিষয়ে আরও তথ্য, ব্যাখ্যা বা প্রয়োজনীয় সংশোধনের দরকার রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী তথ্য ও ব্যাখ্যা সংযোজন করে প্রস্তাবটি পুনরায় উপস্থাপন করতে হবে। পরবর্তী সময়ে তা পর্যালোচনা করে সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্মসচিব বলেন, সাতটি প্রস্তাবের মধ্যে চারটি সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ পাওয়া প্রস্তাবগুলোতে কমিটির নির্দেশনা পূরণ করে পুনরায় উপস্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, সুপারিশের সিদ্ধান্ত হওয়া চারটি প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিকার সভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অনুমোদন পেলেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে। তবে নিকার সভা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা বা থানা গঠনের মতো প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্ত বিবেচনার জন্য নিকার সভায় উপস্থাপনের আগে প্রাক-নিকার সচিব কমিটিতে যাচাই-বাছাই করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে নিকার সভায় সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত দেয় এ কমিটি।