বদরগঞ্জে কৃষিজমির মাটি কেটে গভীর খাল, ভাঙনের শঙ্কায় কৃষক
ডেইলি সান রিপোর্ট, বদরগঞ্জ, রংপুর
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
রংপুরের বদরগঞ্জে কৃষিজমির মাটি কেটে গভীর খাল তৈরি করে তা বিক্রির অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এতে আশপাশের কৃষিজমি, বিদ্যুতের খুঁটি ও চলাচলের রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর চকের ডাঙা এলাকায় কৃষিজমির মাটি কেটে গভীর করে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে মাটি কাটার ফলে আশপাশের জমিগুলো ঝুঁকির মুখে পড়েছে।
সামান্য বৃষ্টিতে জমির মাটি ধসে পড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি হেলে পড়া এবং স্থানীয় চলাচলের রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় কৃষক মাসুদ রানা বলেন, আমরা এসব জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করি। কিন্তু পাশের জমিগুলো এমনভাবে গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে যে, সামান্য বৃষ্টি হলেই আমাদের জমি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে আমাদের ফসল ও জমির ব্যাপক ক্ষতি হতে পারে। আমরা প্রশাসনের কাছে এ সমস্যার স্থায়ী সমাধান চাই।
রাধানগর ইউনিয়নের দিলালপুর বালাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য রহিদুল মিয়া অভিযোগ করে বলেন, এই জমিগুলো অন্য মালিকের। তিনি মারা যাওয়ার পর স্থানীয় সয়ার কাজীপাড়া গ্রামের নকিমুদ্দিন ও তার বড় ভাই এছাহাকসহ কয়েকজন ব্যক্তি কৃষিজমির মাটি কেটে বিক্রি করছেন। এসব জমিতে সোনার ফসল ফলে। এভাবে কৃষিজমি গভীর করে মাটি কেটে নেওয়া হলে ভবিষ্যতে সেখানে আর চাষাবাদ করা সম্ভব হবে না। এতে কৃষির বড় ক্ষতি হবে।
তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় এভাবে মাটি কাটার কারণে আশপাশের জমি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় কৃষকদের দাবি, কৃষিজমির মাটি কাটা বন্ধ করে জমিগুলো রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।