EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও
অ অ

পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে আফ্রিকার কোনো দেশও রাজি হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তিনি জানান, শেখ হাসিনার দিল্লিতে অবস্থান ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি নয়াদিল্লি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন কে এম নাজমুল হক।

পোস্টে তিনি লেখেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতার—এমনকি আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। দিল্লিতে তাঁর উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর ইস্যু হয়ে উঠছে।

নাজমুল হক আরও লেখেন, শুধু ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে, সেই প্রশ্ন উঠছে।

তিনি জানান, বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। এ বিষয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই এখন ভারতের কাছে একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করা হচ্ছে।

পোস্টে নাজমুল হক অভিযোগ করেন, সর্বশেষ চেষ্টা হিসেবে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশে ফেরার পথ তৈরি করতে চাইছে শেখ হাসিনা ও তাঁর পরিবার।

তিনি আরও বলেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে নিজেও পালিয়ে যান। দেশত্যাগের পর তাঁর ছেলের বক্তব্যও ছিল দায়িত্বহীন। এ প্রসঙ্গে তিনি উদ্ধৃত করেন, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের অভিযোগ, ক্ষমতায় থাকার সময় যে পরিবার নেতাকর্মীদের ব্যবহার করেছে, বিপদের সময় তাদের ফেলে পালিয়েছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে চলার আহ্বান জানান।

আরও পড়ুন