সাবেক স্ত্রীর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
গ্রেপ্তার খালিদ পারভেজ।
ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে খালিদ পারভেজ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তার খালিদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদের বিয়ে হয়। ১৬ জুন নারীকে না জানিয়ে তাঁকে তালাক দেন খালিদ। অভিযোগ অনুযায়ী, তালাকের পরও তিনি ওই নারীর কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে খালিদ নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর গোপন ছবি-ভিডিও প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।
মামলার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩, মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর খালিদ পারভেজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।