EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালান বাড়ছে, শাহজালালে আটক কোটি টাকার পণ্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালান বাড়ছে, শাহজালালে আটক কোটি টাকার পণ্য
অ অ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বাড়ছে। এ ধরনের চোরাচালান ও শুল্ক-কর ফাঁকি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

গত ১২ নভেম্বর কাস্টমস গোয়েন্দার এ-শিফটের পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ২১৮ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বার, কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৮৯ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে পাওয়া যায় ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ দশমিক ৩৭৫ কেজি কসমেটিকস। প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

একই ফ্লাইটে আসা যাত্রী উম্মা হানির ব্যাগেজে পাওয়া যায় ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ দশমিক ৪৮ কেজি সাবান। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণে, ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা চোরাচালানের নতুন ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। পৃথকভাবে এসব চালানের পরিমাণ কম হলেও সম্মিলিতভাবে তা উল্লেখযোগ্য রাজস্ব ফাঁকির কারণ হতে পারে। এর সঙ্গে সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরও পড়ুন