EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

সুনামগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭

ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীন বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ছয় বাংলাদেশির মধ্যে দুজন গোপালগঞ্জ জেলার এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করতেন। তবে কীভাবে তারা ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকে মানব পাচারকারী হিসেবে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের আটকে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

বিজিবি জানায়, এর আগে গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মানব পাচারের শিকার দুই বাংলাদেশি নাগরিকসহ এক মানব পাচারকারীকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, সীমান্ত দিয়ে দুষ্কৃতকারীসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার্বিক পর্যবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন