খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ এএম
ছবি: সংগৃহীত
খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হীরকের দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করেন। এরপর জাকির হোসেনের মাথায় গুলি করে তারা মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
