তাহিরপুরে অটোরিকশার চাপায় নিহত ১
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ এএম
সুনামগঞ্জের তাহিরপুরে ঢেউটিনবোঝাই অটোরিকশা উল্টে চাপা পড়ে ফরিদ আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪৫)সহ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সামনে সুলেমানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ আহমদ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। আহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে ঢেউটিনবোঝাই একটি অটোরিকশা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের দিকে যাচ্ছিল। অটোরিকশাটির ছাদে ঢেউটিন রাখা ছিল। পথে উঁচু স্থানে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। এতে চাপা পড়ে ফরিদ আহমদ ও সাইফুল ইসলামসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদ আহমদকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার ফয়েজ আহমদ নূরী জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ফরিদ আহমদ মারা যান। সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
-6af55fe0c2635.jpg)