EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফ্যাসিস্টদের সন্ত্রাস-নৈরাজ্য মোকাবিলায় কঠোর অবস্থানে সরকার: বিমানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

ফ্যাসিস্টদের সন্ত্রাস-নৈরাজ্য মোকাবিলায় কঠোর অবস্থানে সরকার: বিমানমন্ত্রী

ছবি ডেইলি সান

অ অ

পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় সরকার রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে কোনো ধরনের শিথিলতা বা দুর্বলতা সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্পে বরাদ্দের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

রাশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি জনকল্যাণে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছে। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন পরিকল্পনা গ্রহণে জেলা পরিষদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ করা অর্থের চেক সংশ্লিষ্ট প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন