EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দাবি পূরণের আশ্বাস জ্বালানি মন্ত্রীর

৪৫ বছর পুরোনো পরিত্যক্ত কূপ থেকে তেল-গ্যাস সম্ভাবনা পুনর্মূল্যায়নের দাবি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

৪৫ বছর পুরোনো পরিত্যক্ত কূপ থেকে তেল-গ্যাস সম্ভাবনা পুনর্মূল্যায়নের দাবি

পরিত্যক্ত ‘আটগ্রাম-১ নং কূপ’ এবং সংশ্লিষ্ট ভূগর্ভস্থ তেল-গ্যাস সম্ভাবনা আধুনিক প্রযুক্তিতে পুনর্মূল্যায়ন করে পুনরায় অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে সংসদে। ছবি: সংগৃহীত

অ অ

সিলেট জেলার কানাইঘাট উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নের বড়চাতল এলাকায় অবস্থিত পরিত্যক্ত ‘আটগ্রাম-১ নং কূপ’ এবং সংশ্লিষ্ট ভূগর্ভস্থ তেল-গ্যাস সম্ভাবনা আধুনিক প্রযুক্তিতে পুনর্মূল্যায়ন করে পুনরায় অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের জন্য সিলেট-৫ আসনের দায়িত্বে থাকা সংসদ সদস্য শাম্মী আক্তার। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে একটি সম্পূরক প্রশ্নের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সংলগ্ন এলাকা হচ্ছে কানাইঘাটের বড়চাতল এলাকা এবং সেই হিসেবে এটার নাম অফিসিয়াল ডকুমেন্টে ‘আটগ্রাম কূপ’ হিসেবে উল্লেখিত রয়েছে। 

সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান যে, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে।

৪৫ বছর আগে পরিত্যক্ত কূপে গ্যাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল।  মন্ত্রী এটিতে পুনরায় অনুসন্ধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়ার ফলে বিষয়টি আবারও আলোচনায় এলো।

এর আগে সংসদে দাখিলকৃত একটি নোটিশে সংসদ সদস্য শাম্মী আক্তার উল্লেখ করেন, কানাইঘাট উপজেলার বড়চাতল এলাকায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় এক কিলোমিটার দূরে ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে তেল-গ্যাসের সম্ভাবনাময় একটি ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে এই অঞ্চলে অনুসন্ধান ও খনন কার্যক্রম গতি পায়। তাঁর মৃত্যুর পর ১৯৮১ সালের ২৫ জুন পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে ‘আটগ্রাম-১’ কূপের খননকাজ শুরু করে। নোটিশে প্রদত্ত তথ্য অনুযায়ী, কূপটি ১৬ হাজার ২৭৬ ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়েছিলো।

খননকালে ছয়টি সম্ভাবনাময় ভূস্তরে প্রাকৃতিক গ্যাসের শক্তিশালী উপস্থিতি ও প্রবাহ পাওয়া যায়। পরীক্ষামূলকভাবে কূপটি থেকে দৈনিক গড়ে ০.১৫৭ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ১ হাজার ২৩৪ ব্যারেল তরল উপাদান পাওয়া যাচ্ছিলো।

তবে কিছুদিন পর ভূগর্ভস্থ চাপ কমে যাওয়ায় কূপটির স্বাভাবিক গ্যাস প্রবাহ বন্ধ হয়ে যায়। তৎকালীন প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও উত্তোলনের উচ্চ ব্যয়ের কারণে ১৯৮২ সালের ১০ জুন কূপটিকে বাণিজ্যিকভাবে অলাভজনক ঘোষণা করে পরিত্যক্ত করা হয়।

৮০’র দশকের অনুসন্ধান ও খনন প্রযুক্তির সঙ্গে বর্তমান সময়ের প্রযুক্তির ব্যাপক পার্থক্য রয়েছে উল্লেখ করে শাম্মী আক্তারের বলেন, আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) সিসমিক জরিপ, উন্নত ভূতাত্ত্বিক বিশ্লেষণ, গভীর খনন এবং রিজার্ভার ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করে কূপটির প্রকৃত সম্ভাবনা নতুন করে যাচাই করা সম্ভব।

তিনি তাঁর নোটিশে আরও উল্লেখ করেন, অতীতে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়া অনেক ক্ষেত্র আধুনিক প্রযুক্তির সহায়তায় পুনরায় অনুসন্ধান ও উত্তোলনের আওতায় আনা হচ্ছে। ফলে কয়েক দশক আগে পরিত্যক্ত আটগ্রাম-১ কূপের ক্ষেত্রেও নতুন করে সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন।

বর্তমানে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং আমদানিনির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, দেশীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

আটগ্রাম-১ কূপে অতীতে গ্যাস ও তরল হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়ার তথ্য থাকায় আধুনিক প্রযুক্তিতে পুনর্মূল্যায়ন করা হলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

এ জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে অথবা অভিজ্ঞ কোনো বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে (জয়েন্ট ভেঞ্চার) কূপটির এলাকায় আধুনিক ত্রিমাত্রিক সিসমিক জরিপ পরিচালনা এবং পুনরায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন