সংসদে বিদ্যুৎমন্ত্রী
‘বিদ্যুৎ ব্যবস্থায় ভূগর্ভস্থ লাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
স্মার্ট ও দুর্যোগ-সহনশীল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে সরকার ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল লাইন নির্মাণের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ভৌগোলিক অবস্থান এবং ঝড়-বৃষ্টিজনিত বিদ্যুৎ বিভ্রাট কমানোর লক্ষ্যে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের বৈঠকে মৌখিক উত্তরদানের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান সংসদে জানতে চান, ছয় ঋতুর দেশ বাংলাদেশে সারা বছর ঝড়-বৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। এসব প্রতিকূলতা থেকে নিষ্কৃতির লক্ষ্যে ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না?
জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, ইতিমধ্যেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চলের আওতাধীন ৪টি সিটি কর্পোরেশন এলাকাকে ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল লাইনের আওতায় আনার জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে বিস্তারিত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হয়েছে।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন এলাকায় বর্তমানে প্রায় ১ হাজার ৫৪৪ কিলোমিটার ভূগর্ভস্থ লাইন বিদ্যমান রয়েছে। এ ছাড়া চলমান প্রকল্পের আওতায় আরও ১৩৫ কিলোমিটার ভূগর্ভস্থ লাইন নির্মাণের সংস্থান রয়েছে।
তিনি জানান, গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এলাকায় আগস্ট ২০২৬ পর্যন্ত ১৩২ কেভির ৫১.৩১৪ কিলোমিটার, ৩৩ কেভির ৬৬২.৮৩৮ কিলোমিটার এবং ১১ কেভির ৯১৩.৪৩৫ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপন করা হয়েছে।
পাশাপাশি ‘ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৫০ কিলোমিটার ভূগর্ভস্থ বিতরণ লাইন নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।
২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণের প্রস্তাবনা অনুমোদন পর্যায়ে রয়েছে। এর আওতায় বিদ্যমান উপকেন্দ্রের ‘বিকল্প’ সোর্সের জন্য ৩৩ কেভি ভূগর্ভস্থ লাইন নির্মাণ করা হবে।
এর মধ্যে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ৩৩/১১ কেভি উপকেন্দ্রে একটি ৩৩ কেভি সোর্স লাইন এবং হেলথ সাইন্স উপকেন্দ্র থেকে মিরপুর এসএস-২ ৩৩/১১ কেভি উপকেন্দ্রে ৩৩ কেভি সিঙ্গেল সার্কিট ইন্টারলিংক লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পল্লী এলাকার চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ওভারহেড বিতরণ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভূগর্ভস্থ লাইন নির্মাণ ব্যয় ওভারহেড লাইনের তুলনায় প্রায় ১৫ গুণ বেশি হওয়ায় বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকাসমূহে ভূগর্ভস্থ লাইন নির্মাণের পরিকল্পনা নেই।
তবে যেখানে ওভারহেড লাইন নির্মাণ করা কোনো অবস্থাতেই সম্ভব হয় না, সেখানে রাইট-অফ-ওয়ে প্রাপ্তির জন্য প্রযোজ্যতা অনুযায়ী আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণ করা হয়।
মন্ত্রী উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় বিতরণ লাইনের ডিজাইন আপগ্রেড করা হয়েছে। এক্ষেত্রে লাইনের স্প্যান (পোল টু পোল দূরত্ব) পূর্বে গড়ে ৯০ মিটার থাকলেও বর্তমানে তা ৩০-৩৫ মিটার করা হয়েছে। খুঁটির গোড়ায় কাঠের লগ ও স্ট্যাবিলাইজার স্থাপন করে মজবুত ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে।
এ ছাড়া বন্যার পানি প্রবেশ রোধ ও অবকাঠামোকে টেকসই রাখতে সর্বোচ্চ বন্যার স্তর হতে ২-৩ ফুট উপরে মাটি ভরাট করে অবকাঠামো নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে।