জনপ্রশাসন উপদেষ্টা
‘স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
ইউএনওদের প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য দিচ্ছেন জনপ্রশাসন উপদেষ্টা।
স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিসিএস প্রশাসন একাডেমিতে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) ৫৬তম ও ৫৭তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রতিটি এলাকার সম্ভাবনাময় সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে স্থানীয় অর্থনীতি গতিশীল হবে, কর্মসংস্থান বাড়বে এবং মানুষের জীবনমান উন্নত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা বাস্তবায়নে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে হবে, যেখানে দুর্নীতি, অর্থ পাচার ও সরকারি সম্পদের অপব্যবহারের সুযোগ থাকবে না। বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০৩১ সালের মধ্যে মাথাপিছু আয় ৪ হাজার ৫০০ ডলারে উন্নীত করা এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ জন্য প্রতিটি উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার তাগিদ দেন তিনি। পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সমাজ উন্নয়নকর্মীদের খুঁজে বের করে উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানান।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নতুন ধারণা গ্রহণ, সময়োপযোগী সিদ্ধান্ত ও সাহসী ভূমিকার পাশাপাশি এআই ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, অন্যদের সক্ষম করে তোলা। অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। একজন ইউএনওর সাফল্য নির্ধারিত হবে কতজন মানুষের জীবন সহজ হলো এবং প্রশাসনের প্রতি আস্থা কতটা বাড়ল, তার ভিত্তিতে।
বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সততা ও দক্ষতার পরিচয় দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) আবদুর রউফ।