৫৫টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে লাভজনক অবস্থায় মাত্র ৫টি
লোকসানে ধুঁকছে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত
শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। মন্ত্রণালয়াধীন মোট ৫৫টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে মাত্র ৫টি। বাকি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই লোকসানে ধুঁকছে কিংবা পুরোপুরি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর এ তথ্য জানান।
সংসদে মন্ত্রী বন্ধ কারখানা চালু এবং অব্যবহৃত জমি কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপনের সরকারি পরিকল্পনাও তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমিতে দেশি-বিদেশি যৌথ বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সরকারি দপ্তরের মাধ্যমে পণ্য ক্রয়, ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার বাজারজাতকরণ, ন্যাশনাল টিউবসে ৬০০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র এবং ইস্টার্ন কেবলসে নতুন উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের লোকসানি ও বন্ধ চিনিকলগুলো সচল করতে ব্যয় নিয়ন্ত্রণ, ই-জিপির মাধ্যমে ক্রয় এবং বিএমআর কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিনিকলভিত্তিক ডিস্টিলারি, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে সরকারের।
অব্যবহৃত জমির ব্যবহার প্রসঙ্গে শিল্পমন্ত্রী জানান, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানির অব্যবহৃত ১৯৭ একর জমিতে যৌথ উদ্যোগে প্রিমিয়াম ফ্লোট ও সোলার গ্লাস কারখানা এবং এমওপি সার ও কীটনাশক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এছাড়া বন্ধ উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির জায়গায় পরিবেশবান্ধব গ্লাস প্ল্যান্ট, টিএসপি কমপ্লেক্সের ১৫ একর জমিতে নতুন সার কারখানা এবং ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজারের অব্যবহৃত জমিতে ইউরিয়া ফরমালডিহাইড ও ডব্লিউপিপি ব্যাগ কারখানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
লোকসান কমিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অব্যবহৃত সম্পদের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতেই সরকার এসব পদক্ষেপ নিচ্ছে বলে সংসদকে জানান মন্ত্রী।