EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

২০২৭ সালের শেষ দিকে শুরু তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তাওফিকুর রহমান

তাওফিকুর রহমান

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

২০২৭ সালের শেষ দিকে শুরু তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: তাওফিকুর রহমান।

অ অ

তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালের শেষ দিকে শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে অথবা মার্চের প্রথম সপ্তাহে পদ্মা ব্যারাজ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নিজস্ব অর্থায়নের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটির জন্য কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না থেকে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি চীন ও নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলও প্রকল্প এলাকা পরিদর্শন করে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

তিস্তা এলাকায় পলি জমার সমস্যা মোকাবিলায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত একজন বিজ্ঞানীর পরামর্শ নেওয়া হবে বলেও জানান তিনি। 

পদ্মা ব্যারাজ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্পটি বাস্তবায়ন না হলে আগামী ২৫ থেকে ৩০ বছর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বসবাসের পরিবেশ মারাত্মক সংকটে পড়তে পারে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা না গেলে ওই অঞ্চলে লবণাক্ততা বাড়বে। এতে জীববৈচিত্র্য, কৃষি ও মৎস্যসম্পদ হুমকির মুখে পড়বে।

তিনি জানান, সরকার গঠনের তিন মাসের মাথায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকার পানিদূষণ পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর প্রায় তিন কোটি মানুষের মধ্যে এক কোটির বেশি মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানি পান করতে পারেন না। দূষিত পানি পান করায় নানা রোগ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

তিনি বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যার মতো নদীগুলো একসময় মাছের জন্য পরিচিত থাকলেও এখন সেগুলো মাছ চাষের উপযোগী নেই।

দেশে নদীর সংখ্যা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান থাকলেও স্বাভাবিক পানিপ্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনাই বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ছয় মাসের লক্ষ্যমাত্রা পূরণের পর নতুন করে এ কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন