EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

অ অ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে এখনো কিছুটা ধীরগতি রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। তাদের অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা মহাসড়কের অন্য স্থানে আবারও জড়ো হতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় তারা মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা সড়কে অবস্থান করেন। পরে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। জরুন এলাকাতেও শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন