হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও একজন গার্ড রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)।
নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।
পুলিশ জানায়, পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা অভিমুখে যাওয়ার পথে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি মাঝারি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
এতে কাভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
-6af5570032ccb.jpg)