পাইপলাইনের ওপর ঘর তুলে তেল চুরির চেষ্টা, তদন্তে ১০ সুপারিশ
ডেইলি সান রিপোর্ট, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫২ এএম
চট্টগ্রামের মিরসরাইয়ে জ্বালানি তেল চুরির উদ্দেশ্যে মাটির প্রায় ১০ ফুট নিচে থাকা ভূগর্ভস্থ পাইপলাইন ফুটো করে বিশেষ সংযোগ স্থাপন করা হয়েছিল। এ জন্য পাইপলাইনের ওপর নির্মাণ করা হয়েছিল টিনশেড ঘর, যাতে আড়ালে থেকে চালানো যায় চুরির কার্যক্রম। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেল পরিবহনের এই পাইপলাইন ফুটো করে তেল চুরির চেষ্টার ঘটনায় তদন্ত শেষে ১০ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সুপারিশে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পাইপলাইনের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, আধুনিক প্রযুক্তির কার্যকারিতা নিশ্চিত এবং নজরদারি জোরদারের কথা বলা হয়েছে। এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া মালিক মো. আবছারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। চলতি বছরের ৮ জানুয়ারি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমে এ ঘটনা প্রকাশ্যে আসে।
সূত্রে জানা যায়, পাইপলাইনের ওপর টিনশেড ঘর নির্মাণ করে তার ভেতরে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে মাটির প্রায় ১০ ফুট নিচে থাকা তেলের পাইপলাইন ছিদ্র করে চুরির ব্যবস্থা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে গোপনে এ কার্যক্রম চললেও পাইপলাইনের ওপর নির্মিত ঘরটির কারণে বিষয়টি সহজে নজরে আসেনি। স্থানীয় বাসিন্দা মো. আবছার সরকারি জমির ওপর পাইপলাইনের কাছাকাছি একটি ঘর নির্মাণ করে ভাড়া দেন। পরে ওই ঘরের সামনে আরও একটি টিনশেড ঘর নির্মাণ করে খুলনার সোনাডাঙ্গা এলাকার আমিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়। ঘরটি ভাড়া নিয়ে আমিরুল ও তাঁর সহযোগীরা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে মাটির নিচে থাকা তেলের পাইপলাইনে ছিদ্র করেন। সেখান থেকে তেল সংগ্রহের জন্য সংযোগও স্থাপন করা হয়। চলতি বছরের ৭ জানুয়ারি রাতে পাইপলাইনে তেলের চাপ বেড়ে গেলে চুরির উদ্দেশ্যে স্থাপন করা সংযোগটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে ছিদ্র দিয়ে তেল উপরে উঠে আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমিরুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরদিন সকালে স্থানীয় লোকজন তেল বের হতে দেখে বিভিন্ন পাত্রে তা সংগ্রহ করতে শুরু করলে ঘটনাটি জানাজানি হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিপিসির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি ড্রাম, একটি ড্রিল মেশিনসহ তেল চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মাটির প্রায় ১২ ফুট নিচে পাইপলাইন ফুটো করার তথ্য পাওয়া যায়। তবে তেলগুলো পাশের ডোবায় ছড়িয়ে পড়ায় কী পরিমাণ তেল চুরি হয়েছে, তার সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
ঘটনার পর ১০ জানুয়ারি পাইপলাইনের ক্ষয়ক্ষতি এবং চুরি হওয়া তেলের পরিমাণ নিরূপণে পাইপলাইন তত্ত্বাবধানকারী বিপিসির অঙ্গপ্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি (পিটিসি) পিএলসি চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন প্রকল্প পরিচালক আমিনুল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তদন্ত শেষে কমিটি পাইপলাইনের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও নজরদারির দুর্বলতা চিহ্নিত করে ১০টি সুপারিশ করেছে।
তদন্ত কমিটির ১০ সুপারিশ
তদন্ত কমিটির সুপারিশের মধ্যে রয়েছে—দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য পাইপলাইনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জেএসএস সার্ভিস লিমিটেডের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে পাইপলাইনের সন্নিকটে স্থাপিত ব্যবসাপ্রতিষ্ঠান অপসারণ করতে হবে। একই সঙ্গে পাইপলাইন বরাবর অধিগ্রহণকৃত ভূমি থেকে অবিলম্বে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা অপসারণ করতে হবে।
প্রকল্পে নিয়োজিত ভেন্ডর বেঞ্চমার্ক কনসালটিংয়ের মাধ্যমে পিআইডিএস ও এলডিএসের কার্যকারিতা দ্রুত নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠান নিউটেক ইন্টারন্যাশনালের মাধ্যমে পাইপলাইন বরাবর স্থাপিত ইনস্ট্রুমেন্টগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং অনুপস্থিত ইনস্ট্রুমেন্ট দ্রুত স্থাপন করতে হবে।
পাইপলাইনের অপারেশন ও নিরাপত্তা নিরবচ্ছিন্নভাবে তদারকির জন্য স্কাডা, পিআইডিএস, টেলিকমিউনিকেশন সিস্টেম ও সিসিটিভির কার্যকারিতা নিশ্চিত করতে অপটিক্যাল ফাইবার ক্যাবল (ওএফসি) দ্রুত প্রতিস্থাপন করতে হবে। এ ছাড়া পিটিসি পিএলসিতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের দ্রুত নিয়োগ দিতে হবে।
পাইপলাইনের রাইট অব ওয়ে সুরক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং নিরাপত্তাসংক্রান্ত আইন পাস করতে হবে। পাইপলাইনসংলগ্ন সরকারি ও অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে পিটিসি পিএলসির অধীনে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হবে।
এ ছাড়া পাইপলাইনের চেইনেজ পোস্টের দূরত্ব হালনাগাদ করতে হবে। পোস্টে উল্লেখিত টেলিফোন নম্বরের পরিবর্তে টার্মিনালের কন্ট্রোলরুমের সচল মোবাইল নম্বর লিপিবদ্ধ করতে হবে।
মামলা ও গ্রেপ্তার
এ ঘটনায় বিপিসির ডিজিএম (প্রশাসন-অর্থ) মাহবুবুর রহমান বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিক আবছারের স্ত্রী নুরজাহান বেগমকে আটক করা হয়েছিল। পরবর্তী সময়ে মামলার এজাহারনামীয় আসামি ঘরের মালিক মো. আবছারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রযুক্তিনির্ভর পাইপলাইনেও নিরাপত্তার প্রশ্ন
প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের জন্য ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হয়। অত্যাধুনিক স্কাডা, টেলিযোগাযোগ ও লিক ডিটেকশন ব্যবস্থাসংবলিত এ পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে কুমিল্লার বরুড়া হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ও ঢাকার ফতুল্লায় তেল সরবরাহ করা হয়। নৌপথে যেখানে তেল পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে, সেখানে পাইপলাইনে তা পৌঁছাতে সময় লাগে প্রায় চার ঘণ্টা।
প্রকল্পটি বাস্তবায়নের অন্যতম উদ্দেশ্য ছিল জ্বালানি তেল পরিবহনে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি চুরি এবং সিস্টেম লস নিয়ন্ত্রণ করা। কিন্তু পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে মাটির নিচে ছিদ্র করার ঘটনা প্রকল্পটির নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং পাইপলাইনের পুরো রুটে নিরাপত্তা জোরদার করা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বর্তমান অবস্থা
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাইপলাইনের ওপর নির্মাণ করা সেই ঘরটি ঘটনার সময় গুঁড়িয়ে দেওয়া হয়। তবে ঘরটির পূর্বাংশ গুঁড়িয়ে দেওয়া হলেও পশ্চিমাংশ এখনো রয়ে গেছে। সেটি তালাবদ্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঘরটির ভেতরটা শূন্য; কোনো ধরনের মালামালও নেই।
যা বলছেন সংশ্লিষ্টরা
পাইপলাইনের ক্ষয়ক্ষতি এবং চুরি হওয়া তেলের পরিমাণ নিরূপণে পাইপলাইন তত্ত্বাবধানকারী বিপিসির অঙ্গপ্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি (পিটিসি) পিএলসি চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন প্রকল্প পরিচালক আমিনুল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। এছাড়া সদস্যসচিব বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উপব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) তানজিন হোসেন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ঘটনায় মামলার বাদী বিপিসির ডিজিএম (প্রশাসন-অর্থ) মাহবুবুর রহমানের মোবাইলে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ইফতেখার হোসেন বলেন, পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনার পর ঘরটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাইপলাইন মেরামত করা হলেও বিশেষ কোনো নির্দেশনাযুক্ত সাইনবোর্ড দেওয়া হয়নি, যা দেওয়া উচিত ছিল। এ ছাড়া পশ্চিমাংশের স্বল্প দূরত্বের ঘরটিও গুঁড়িয়ে দেওয়া উচিত ছিল। যেহেতু এত বড় ঘটনা ঘটে গেল, তাই অধিক সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন ছিল।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, তেল চুরির ঘটনায় বিপিসির পক্ষ থেকে মামলা করা হয়েছিল। আমরা মামলার এজাহারনামীয় আসামি ঘরের মালিককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।