ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি হতে না পারে, সে জন্য চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘিত হয়, এমন কোনো কাজ করেনি। কিন্তু সরকারের এই উদারতার সুযোগ নিতে শুরু করেছে পতিত ফ্যাসিবাদী শক্তি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না। এই সরকারের আমলে তাদের আয়নাঘরে যেতে হবে না, কোথাও অজ্ঞাত লাশ হয়ে ভেসে উঠতে হবে না।’
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে।
এ ছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের আরও অসংখ্য ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীগুলো কী ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসবের মধ্যে রয়েছে হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ।
গত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা-ও জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন।
-6af32d2b556a3.jpg)