ঠাকুরগাঁও সীমান্তে প্রায় ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করল বিজিবি
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
ঠাকুরগাঁও সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলার ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মারাধর নামক স্থানে এ অভিযান চালায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয় একটি টহল দল। এ সময় এক ব্যক্তিকে বস্তা নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হয়। তখন ওই ব্যক্তি বস্তাটি ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১৯ ভরি ১৫ আনা ৪ রতি ৭ পয়েন্ট। এর আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ২৫৬ টাকা।
উদ্ধার করা স্বর্ণ ঠাকুরগাঁও ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।