মাধবপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
হবিগঞ্জের মাধবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। বুধবার বিকেল সাড়ে তিনটায় এ কর্মসূচি পালন করেন তারা।
পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। এটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর থানার ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জসিম সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ ও সফিক মিয়া।
এ ছাড়া বক্তব্য দেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানি আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন খান, ছাব্বির আহমেদ জুয়েল, রিংকু দেবনাথ, এহসান আহমেদ সেজান, রিফাত খা, ইমরান আহমেদ দিপু ও জীবন পাঠান নিলয়সহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে মাধবপুর থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তারা।
বক্তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, প্রশাসনের কিছু কর্মকর্তা দিনে বিএনপির সঙ্গে এবং রাতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।