কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।