EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জুলাইয়ে আহত, গেজেটভুক্ত না হওয়াদের স্বীকৃতি দেবে সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

জুলাইয়ে আহত, গেজেটভুক্ত না হওয়াদের স্বীকৃতি দেবে সরকার

ছবি: সংগৃহীত

অ অ

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়ার পরও যারা এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন করে আবেদন গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে গত ১০ নভেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কিংবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ৮৪২ জন শহীদ হয়েছেন। আহতদের যথাযথ স্বীকৃতি, কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ক্যাটাগরি-ক-তে ৯৯০ জন, ক্যাটাগরি-খ-তে ১ হাজার ১৪ জন এবং ক্যাটাগরি-গ-তে ১১ হাজার ৯৬৪ জনের নাম রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপজেলা ও জেলা পর্যায়ে বর্তমানে ৯৩১ জন আহত ব্যক্তির আবেদন অনিষ্পন্ন রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হলেও এখনো তালিকাভুক্তির সুযোগ পাননি, এমন ব্যক্তিও রয়েছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নতুন করে অন্তর্ভুক্তির আবেদন মন্ত্রণালয়ে না পাঠানোর জন্য দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছিল।

এর ফলে পরবর্তী সময়ে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে আহত ব্যক্তিদের পক্ষ থেকে আবেদন করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো সেগুলো পরবর্তী কার্যক্রমের জন্য মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি।

এ অবস্থায় গেজেটের বাইরে থাকা আহত ব্যক্তিদের তালিকাভুক্ত করতে নতুন করে আবেদন গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে। এসব তথ্য ও প্রমাণক যাচাই করে আবেদনকারীদের তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।

সরকারের এ উদ্যোগের ফলে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে না পারা ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন