নতুন বাংলাদেশ গড়তে তরুণদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দিতে হবে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারুণ্যের ইশতেহার ২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ আমরা চালাব। একটি দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে যারা উপস্থিত আছেন, সবাই হয়তো রাজনীতিতে আসতে পারবেন না। তবে আপনাদের সবাইকে রাজনীতির প্রতি আগ্রহী হতে হবে।’
গত দেড় দশকে বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এ পরিস্থিতির পরিবর্তনে তরুণ সমাজ অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। ভারত থেকে ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রক্ত এখনো শুকায়নি। ফ্যাসিস্টদের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় আমাদের লজ্জিত হওয়া উচিত। চৌদ্দশ মায়ের কান্না এখনো শেষ হয়নি। ঢাকার রাজপথের রক্তও এখনো শুকায়নি।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হয়ে সমাজকল্যাণ ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন ও রক্ত দিয়েছেন। কিন্তু ক্ষমতা তাঁদের হাতে যায়নি।
তিনি আরও বলেন, ২০০৮ সালে ফ্যাসিবাদের সহযোগিতায় একটি সরকার ক্ষমতায় এসেছিল। এর মধ্য দিয়ে দেশে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী শাসন চলেছে।
দেশের অর্থবহ পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আগ্রহী হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চান না তাঁরা। এ জন্য সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের নেতাদেরও এগিয়ে আসতে হবে।
কায়সার কামাল বলেন, ‘আসুন, সবার আগে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি। আমাদের বাংলাদেশ অন্য কেউ গড়ে দেবে না। সব দুঃখ-কষ্ট ভুলে নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।
