EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আফতাব গ্রুপকে বিশেষ সুবিধা, ক্ষতির মুখে উত্তরা ব্যাংক

এতে গত ১৪ বছরে ব্যাংকের অন্তত ৬২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

আফতাব গ্রুপকে বিশেষ সুবিধা, ক্ষতির মুখে উত্তরা ব্যাংক

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর মতিঝিলে উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ের নিজস্ব ভবনের চারটি ফ্লোর ১৪ বছর আগে মাত্র ৬৫ টাকা বর্গফুট দরে ভাড়া দেওয়া হয় আফতাব গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানকে। চুক্তি অনুযায়ী দুই বছর পরপর বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানোর কথা থাকলেও তা হয়নি। এতে গত ১৪ বছরে ব্যাংকের অন্তত ৬২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গ্রুপটির নির্বাহী চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম উত্তরা ব্যাংকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে সংশ্লিষ্টদের অভিযোগ। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন ও আগামীর সময়ের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি আজহারুল ইসলাম ও ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ফ্লোর ভাড়া দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো—আফতাব ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, আফতাব গ্রুপের প্রধান কার্যালয়, সি ট্রেড ফার্টিলাইজার লিমিটেড, মিলনার্স পাম্পস লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স গত অক্টোবরে ভবন ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

নথি অনুযায়ী, ২০১২ সালের ১ জুলাই থেকে ছয় বছরের জন্য ভাড়ার চুক্তি করা হয়েছিল। এতে প্রতি দুই বছর পরপর প্রচলিত বাজারদর অনুযায়ী আলোচনা করে ভাড়া পুনর্নির্ধারণের শর্ত ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ভাড়া বাড়ানোর কোনো রেকর্ড পায়নি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল।

আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে প্রতি বর্গফুট ৬৫ টাকা ভাড়ায় দেওয়া হলেও একই ভবনে গ্রামীণফোনকে ১৫৮ টাকা ৩৩ পয়সা, র‍্যাংকস আইটিকে ২৮০ টাকা এবং এক্স-নেট লিমিটেডকে ২৫৮ টাকা ৮২ পয়সা দরে ভাড়া দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ভাড়ার পার্থক্য হিসাব করে ব্যাংকের মাসিক ক্ষতি দাঁড়ায় ১৭ লাখ ২০ হাজার টাকা, বছরে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। এ হিসাবে ১৪ বছরে ক্ষতির পরিমাণ প্রায় ২৮ কোটি ৯০ লাখ টাকা। তবে ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব বিভাগের কর্মকর্তাদের দাবি, চুক্তি অনুযায়ী দুই বছর পরপর বাজারদরে ভাড়া সমন্বয় করা হলে ক্ষতির পরিমাণ ৬২ কোটি টাকা ছাড়িয়ে যেত।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে পরিচালক ও চেয়ারম্যান আজহারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়াকে ‘গুরুতর অনিয়ম ও অবহেলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, নিজস্ব ব্যবহারের প্রয়োজন নেই এমন স্থাবর সম্পত্তি সাত বছরের বেশি রাখা যায় না। আমানতকারীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সময় বাড়াতে পারে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালের ১২ নভেম্বর ভাড়ার চুক্তির মেয়াদ পর্যন্ত থাকার অনুমতি দেয়। একই সঙ্গে ভবিষ্যতে ব্যাংকের কোনো পরিচালককে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে ভাড়া না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে ২০১৫ ও ২০১৮ সালে কয়েক দফায় চুক্তির মেয়াদ শেষে ফ্লোর খালি করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলো জায়গা ছাড়েনি। এ নিয়ে ২০১৯ সালে আদালতে মামলাও করে উত্তরা ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংক সাধারণভাবে নিজস্ব ভবন অন্য প্রতিষ্ঠানকে ভাড়া দিতে পারে না। বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে সাময়িকভাবে ভাড়া দেওয়া যেতে পারে। কোনো ব্যাংকের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভাড়া দিলে তা আইনের লঙ্ঘন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরা ব্যাংকের এমডি মো. আবুল হাশেম ভাড়া-সংক্রান্ত অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, কিছু স্পেস খালি করতে তালা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব জায়গা খালি করা হবে। এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না।

অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে গত ২ ও ৮ নভেম্বর উত্তরা ব্যাংকের চেয়ারম্যান আজহারুল ইসলামের কার্যালয়ে যান প্রতিবেদক। তবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ৯ নভেম্বর ফোনে যোগাযোগ করা হলে পরিচয় দেওয়ার পর তিনি কল কেটে দেন। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত তিনি কোনো জবাব দেননি।

আরও পড়ুন