ঢাবিতে জহুরুল হক হলের পেছন থেকে ককটেল উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেলটি নিষ্ক্রিয় করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাত ১২ টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছনে ককটেলটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার বাবুপুরা বাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন।
তিনি জানান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা ককটেলটিকে উদ্ধার করে সেটিকে নিষ্ক্রিয় করা হয়।
এদিকে মঙ্গলবার রাতে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে তৃতীয় শ্রেণির এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে নিম্নমান সহকারী পদে নিযুক্ত থাকা আমান উল্লাহ আমান নামের ওই কর্মচারীকে শোকজও করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী জানিয়েছেন।
মঙ্গলবার রাতে উপ-উপাচার্য আলমোজাদ্দেদী বলেন, “এস্টেট অফিসের একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা মারার জন্য এক হাজার টাকা করে প্রস্তাব দেয়। পরে এক কর্মচারী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানায়।
তিনি বলেন, “প্রশাসন ওই কর্মচারীকে ডেকে পাঠালেও তিনি আসেননি। ফোন বন্ধ করে পলাতক অবস্থায় আছেন; কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।”
এছাড়া বহিরাগতদের নিয়ন্ত্রণে ক্যাম্পাসের ছয় প্রবেশপথে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।