রূপগঞ্জে দুই স্টিল মিলে কালো ধোঁয়া,আতঙ্কে পোশাকশ্রমিকরা
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি স্টিল মিল থেকে বেরোনো কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিল্পাঞ্চলে। ধোঁয়ার ঘন কুণ্ডলী ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। এতে পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিস্থিতির কারণে কয়েকটি পোশাক কারখানায় বেজে ওঠে অটোমেটিক ফায়ার অ্যালার্ম। এ ঘটনায় শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।
স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জের আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড থেকে নির্গত কালো ধোঁয়া আশপাশের পরিবেশকে দূষিত করছে। মিল দুটির ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হয়।
বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়। কয়েকটি কারখানায় অটোমেটিক ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে বলে জানান তারা।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরেই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি।
তাদের অভিযোগ, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
ভুক্তভোগী এ ওয়ান পোলার লিমিটেডের ডিজাইন বিভাগের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বারবার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার পাইনি। দুটি মিলের কালো ধোঁয়ায় আমাদের গাড়ির পোশাক সব নষ্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে হাইটেক স্টিল মিলের সুপারভাইজার কাউসার আহমেদ জানান, আমাদের মিলে পরিবেশ ছাড়পত্র আছে আমরা কালো ধোঁয়া বের করলে পরিবেশ আমাদের ছাড়পত্র দিত না। আমাদের মিলে দোয়ার কারণে পরিবেশ ক্ষতি হচ্ছে না।
এ ব্যাপারে আরবি স্টিল মিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডের কোন বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক জানান, শিল্প কারখানা থাকলে এলাকার উন্নত হয়। অন্যদিকে পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে পরিবেশকে ধ্বংস করে কোন শিল্প-কারখানা চালানো যাবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে ধোঁয়া নির্গমনের প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে বলে দাবি জানান স্থানীয়রা। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে শিল্পায়নের পাশাপাশি পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষিত থাকে।