EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পুলিশকে সহযোগিতা করুন, অপরাধ দমন সহজ হবে: ডিআইজি আশরাফ

স্টাফ করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

পুলিশকে সহযোগিতা করুন, অপরাধ দমন সহজ হবে: ডিআইজি আশরাফ
অ অ

অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী। তিনি বলেছেন, সবার সহযোগিতা পেলে পুলিশের পক্ষে অপরাধ দমন সহজ হবে। বগুড়ার মানুষ আগামী এক মাসের মধ্যেই অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতার অগ্রগতি বুঝতে পারবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়া পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিআইজি মীর আশরাফ আলী।

তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো নিজ নিজ অবস্থান থেকে অপরাধ দমনে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা। একটি সন্তান বিপথগামী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্য হলে এর দায় তার বাবা-মাকেও নিতে হবে। অভিভাবকেরা সন্তানের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকলে সমাজে অপরাধ অনেকাংশে কমে আসবে।

ডিআইজি বলেন, পুলিশ আইন অনুযায়ী অপরাধ দমনে কাজ করবে। অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক কারবারের মূল হোতাদের খুঁজে বের করা হবে। ইনশা আল্লাহ, আগামী এক মাসের মধ্যেই বগুড়াবাসী অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতার গতি বুঝতে পারবেন।

জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অনেক কম উল্লেখ করে মীর আশরাফ আলী বলেন, বগুড়া জেলায় প্রায় ৪৫ লাখ মানুষের নিরাপত্তায় কাজ করছেন মাত্র ২ হাজার ২২৫ জন পুলিশ সদস্য।

তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলন-পরবর্তী সময়ে পুলিশকে ঘুরে দাঁড়াতে অনেক বেগ পেতে হয়েছে। এ জন্য পুলিশ সদস্যদের অনেক পরিশ্রম করতে হয়েছে। চব্বিশের আগের পুলিশ ও চব্বিশ-পরবর্তী বিএনপি সরকারের সময়ের পুলিশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগের সময়ে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে। কিন্তু বর্তমান পুলিশ এখন পর্যন্ত কাউকে হত্যা করা তো দূরের কথা, গুলিও করেনি। ধৈর্য ধরার কারণে অনেক সময় খারাপ মানুষের কাছ থেকে অশ্লীল কথাও শুনতে হয়েছে। তবে পুলিশ এখন আইন ও বিধি মেনে জনগণের নিরাপত্তায় কাজ করছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অপরাধের প্রবণতা অনেক বেড়ে গিয়েছিল উল্লেখ করে ডিআইজি বলেন, সেই সময়ের অপরাধের প্রভাব এখনো রয়ে গেছে। বগুড়ায় এখনো মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে। ভৌগোলিক ও রাজনৈতিকসহ বিভিন্ন কারণে বগুড়া গুরুত্বপূর্ণ জেলা। এ কারণে এখানকার অপরাধের ধরনও অন্য এলাকার তুলনায় কিছুটা ভিন্ন।

গণমাধ্যমকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য ও পরামর্শের ভিত্তিতে পুলিশ আরও সতর্ক ও গতিশীলভাবে কাজ করবে বলে জানান মীর আশরাফ আলী। তিনি বলেন, বগুড়ার মানুষের সুযোগ রয়েছে অপরাধের যেকোনো তথ্য ও ছবি সরাসরি তার মুঠোফোনের হোয়াটসঅ্যাপে পাঠানোর। এসব তথ্য পাওয়ার পর দ্রুততম সময়ে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মনির হোসেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোতাহার হোসেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার রহমান বক্তব্য দেন।

এ ছাড়া বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক সবুর শাহ লোটাস, মোহন আখন্দ ও টি এম মামুনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা বক্তব্য দেন।

আরও পড়ুন