EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সরকারি দপ্তরে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য, নিয়োগে কর্মপরিকল্পনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

সরকারি দপ্তরে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য, নিয়োগে কর্মপরিকল্পনা
অ অ

দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরিরও অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অধিবেশনে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানতে চান, দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরে বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে সরকারের সুনির্দিষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা কী, তা-ও জানতে চান তিনি।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত সর্বশেষ হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

শূন্যপদ পূরণের উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ইতিমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এসব পরিকল্পনায় পাঁচ লাখ সরকারি কর্মচারী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এ লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগসংক্রান্ত তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

জবাবে আরও বলা হয়, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদের বিপরীতে নিয়োগের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুন